আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ভারতে ম্যাগি নুডলসে অতিরিক্ত সীসা ও মনো-সোডিয়াম গ্লুটামেট থাকার প্রমাণ পাওয়ায় এবার যুক্তরাষ্ট্রে পণ্যটির নমুনা পরীক্ষা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ) ম্যাগির স্যাম্পল পরীক্ষা করছে বলে জানিয়েছেন নেসলের এক মুখপাত্র।
সুইজারল্যান্ড ভিত্তিক নেসলে বিশ্বের সর্ববৃহত খাবার পণ্যের কোম্পানি। গত মাসে ভারতে প্রথম নেসলের পণ্য ম্যাগি নুডলসে অতিরিক্ত সীসা থাকার প্রমাণ পাওয়া যায়। ফলে মার্কেট থেকে ২০ হাজারের বেশি প্যাকেট প্রত্যাহার করে নেয় নেসলে ইন্ডিয়া। এরপর ভারতজুড়ে পণ্যটি পরীক্ষা করে অভিযোগের সত্যতা মেলে। এমনকি নেসলে ইন্ডিয়াও পণ্যটির বিজ্ঞাপনে অংশ নেওয়ায় ভারতীয় স্টারদের বিরুদ্ধে মামলাও হয়েছে বিভিন্ন রাজ্যে। যদিও নেসলে ইন্ডিয়া বিষয়টি উচ্চ আদালতে নিয়ে গেছে।
নেসলের এক মুখপাত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলেছে, এফডিএ এখন বিষয়টি খতিয়ে দেখছে। ওই মুখপাত্র (নাম উল্লেখ করা হয়নি) বলেন, ‘আমরা জানতে পেরেছি, মার্কিন কর্তৃপক্ষ ভারতে তৈরি ম্যাগির পণ্য পরীক্ষা করে দেখছে। আমরা পরীক্ষার ফলাফল জানানোর বিষয়ে আমদানিকারকদের বলেছি।’